নাগরিকত্ব আইনের প্রতিবাদ সৌরভকন্যার
ভারতের বিতর্কিত সংশোধিত নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদের ঝড় দেশটির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। এছাড়া দিল্লির জামিয়া মিল্লিয়ার শিক্ষার্থীদের উপর পুলিশি লাঠিচার্জের জেরে বিক্ষোভে ফেটে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রসমাজ। ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ চলছে। বিক্ষোভ চলছে পশ্চিমবঙ্গেও। কোথাও কোথাও তা সহিংসতায়ও রূপ নিয়েছে। আর এই অবস্থার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির মেয়ের ইনস্টাগ্রামে একটি পোস্ট রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে কোনো রাখঢাক না রেখেই সরাসরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) নিশানা করেন সানা। পোস্টে তিনি লিখেন, ‘যারা ভাবছেন আমরা মুসলিম ও খ্রিস্টান নই, তাই চিন্তার কোনো কারণ নেই, তারা বোকার স্বর্গে বাস করছেন।’
সানার মতে, ‘আজ বামপন্থী ইতিহাসবিদ ও পশ্চিমা সংস্কৃতি পছন্দ করা যুবাদের নিশানা করছে আরএসএস। আগামীকাল ওদের নজর পড়বে স্কার্ট পরা, আমিষ খাওয়া, মদ্যপান করা, বিদেশি সিনেমা দেখা, বার্ষিক তীর্থযাত্রা না করা মানুষদের উপর।’
বিজেপিকে কটাক্ষ করে সৌরভকন্যা আরও জানান, ‘দেখা হলে জয় শ্রীরাম না বললেও’ নিশানা হওয়ার আশঙ্কা থাকবে। সানার কথায়, ‘কেউই নিরাপদ নয়’। ভারতকে বাঁচাতে হলে এগুলি আমাদের ভীষণ ভাবে অনুধাবন করতে হবে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে পোস্ট করতে গিয়ে তিনি ২০০৩ সালে প্রকাশিত খুশবন্ত সিংহের ‘দ্য এন্ড অব ইন্ডিয়া’কে বেছে নিয়েছেন।
সানা সেই বই থেকে তুলে ধরেছেন যে অংশ, সেখানে লেখা হয়েছে, প্রতিটা ফ্যাসিস্ট সরকারের একটা দল বা গোষ্ঠীর প্রয়োজন হয়। নিজেদের বেড়ে ওঠার জন্য তারা ওই দল বা গোষ্ঠীগুলিকে ব্যবহার করতে তাদের শয়তানেও পরিণত করে। দু’একটা দল দিয়ে এটা শুরু হয়। কিন্তু সেটা কখনওই সেখানে শেষ হয় না। ঘৃণার উপর নির্ভর করে যে আন্দোলন, সেই আন্দোলন নিজেকে ধরে রাখতে পারে অবিরাম একটা ভয় বা দ্বন্দ্বের বাতাবরণ তৈরি করে।
এই মেসেজগুলো ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেও, পরে তা ডিলিট করে দেন সানা। তবে সানার পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।
ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কন্যা সানার কথোপকথন বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। তবে মেয়ের এই পোস্ট নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি সৌরভ গাঙ্গুলি।