ছাত্রদলের কাউন্সিলে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের বাসায় হওয়া ছাত্রদলের কাউন্সিলের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এই কাউন্সিল নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও বুধবার রাত পৌনে ৯টার দিকে ঘরোয়া ভাবে কাউন্সিলের ভোটগ্রহণ শুরু করে সংগঠনটি। যা চলে রাত ১২টা ২০ পর্যন্ত।
ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৫৩৪ জন কাউন্সিলর থাকলেও ভোট পড়েছে ৪৮১টি। তিনি আরও বলেন, আমরা সবাই অপেক্ষা করছি। দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশনা দেবেন।
ছাত্রদলের কাউন্সিলের কয়েকজন পদপ্রার্থী ও কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউন্সিলর ও প্রার্থীরাই কেবল রয়েছেন মির্জা আব্বাসের বাসার ভেতরে। আর তাদের সমর্থকসহ অন্য নেতাকর্মীরা সবাই বাইরে ভিড় জমিয়েছেন। মির্জা আব্বাসের বাসায় আরও রয়েছেন ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডাকসুর সাবেক জিএস বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি (১৯৯৬-৯৮) বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক (২০০২) বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (২০০৫-২০০৯) স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (২০০৯-১২) বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ছাত্রদলের সাবেক সভাপতি (২০১৪-২০১৯) বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান।
কাউন্সিলের বাছাই কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি (১৯৯৩-১৯৯৬) বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সাবেক সভাপতি (২০০৯-১২) যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি (২০১২-১৪) স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (২০১২-২০১৪) ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (২০১৪-১৯) বিএনপির নির্বাহী সদস্য আকরামুল হাসানও উপস্থিত আছেন এখানে।
জানা গেছে, এর আগে ছাত্রদলের ৫৬৬ জন কাউন্সিলরকে বুধবার বিকেল ৪টার মধ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থাকতে বলা হয় বিএনপির পক্ষ থেকে। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্রদলের কাউন্সিল, তথা কমিটি ঘোষণার উদ্দেশ্যেই এমন নির্দেশনা দেওয়া হয় বলে ধারণা করছেন তারা।