০৮ আগস্ট ২০১৯, ১৭:১৯

ভারতের ১৯ বিমানবন্দরে সতর্কতা জারি

জম্মু-কাশ্মীরের নিয়ে পাকিস্তান-ভারতের মধ্যে বেশ উত্তেজনা শুরু হয়েছে। ভারতের রাষ্ট্রদূতকে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে দিল্লিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ইসলামাবাদে ফেরত আসতে বলা হয়েছে। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এর আগে বুধবার থেকেই দেশের ১৯টি বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ভারতের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ওই তালিকায় রয়েছে কলকাতা বিমানবন্দরও। এছাড়াও চারটি মেট্রো শহরের প্রতিটি বিমানবন্দরকেই রাখা হয়েছে বিশেষ নজরদারির তালিকায়।

ভারত ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর দেশটির সঙ্গে অর্থনৈতি, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর এই ঘটনাকেই পাকিস্তানের চক্রান্ত হিসেবে দেখছে ভারত। বুধবার ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে ইমরান খান বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। একই সঙ্গে কাশ্মীরে ভারতের জাতিগত নিধনের আশঙ্কাও ব্যক্ত করেছেন তিনি।