৩১ মার্চ ২০১৯, ০০:২৫

শিক্ষা উপমন্ত্রী যখন চমেক পরিদর্শনে, ছাত্রলীগের স্লোগান তখন মেয়রের নামে

  © সংগৃহীত

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল একটা চিকিৎসা সেবার জায়গা। আমরা চাই না কেউ এটাকে কেন্দ্র করে রাজনীতি করুক। শনিবার দুপুরে চমেক হাসপাতাল পরিদর্শন শেষে   সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নওফেল আরও বলেন, জনসেবার উদ্দেশে এই হাসপাতালের সৃষ্টি। এই হাসপাতালকে যাতে বাণিজ্যিকিকরণ এবং রাজনীতিকরণ করা না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। জনসেবার মাধ্যমেই যাতে রাজনীতিটা প্রতিষ্ঠিত হয়, আমরা সেটাই চাই।

এর আগে শিক্ষা উপমন্ত্রী চমেক হাসপাতালের শাহ আলম বীরউত্তম মিলনায়তনে এক মতবিনিময় সভায় যোগ দেন। পরে সেখান থেকে হাসপাতালের গাইনি, হৃদরোগ ও মেডিসিন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগী ও চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপমন্ত্রীর সঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসীন উদ্দিন চৌধুরী এবং চমেকের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন।

উপমন্ত্রী নওফেল হাসপাতালে পরিদর্শন শেষে বের হওয়ার সময় শ’খানেক ছাত্রলীগের নেতাকর্মী দাঁড়িয়ে ‘মেডিকেল কলেজের মাটি, আ জ ম নাছিরের ঘাঁটি- এই ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এসময় নওফেল গাড়িতে বসে তাদের ডাকলেও তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন। পরে তিনি গাড়ি থেকে নেমে সামান্য এগিয়ে যান। তখন ছাত্রলীগের নেতাকর্মীরাও স্লোগান বন্ধ করে তার কাছে আসেন।

তখন তাদের উদ্দেশ্যে নওফেল বলেন, আমি এখানে রাজনীতি করার জন্য আসিনি। নির্বাচনে তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছ। তোমাদের ধন্যবাদ। যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবে। ভালো করে পড়ালেখা করবে।