যানজট নিরসনে রাজপথে ছাত্রলীগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে উপজেলা ছাত্রলীগ। এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নিরসন ও সড়ককে নিরাপদ করতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেছেন তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য কাজ করেন ছাত্রলীগের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবী নেতা-কর্মী। দশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন তারা। এসএসসি পরীক্ষার্থীদের মোটর বাইকে করেও তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।
অভিভাবকরা জানান, সড়ক মহাসড়কে যানজটের কারণে প্রতিদিন নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে খুবই সমস্যা হতো। ছাত্রলীগ স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করায় অনেক সুবিধা হয়েছে। বাসা থেকে দুঃশ্চিন্তামুক্ত হয়ে পুরোপুরি প্রস্তুতি নিয়েই নির্ধারিত সময়ের মধ্যে স্বস্তিতে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে পরীক্ষার্থীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার বলেন, এই মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। তাই এসএসসি পরীক্ষার্থী, সাধারণ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।