১৬ জানুয়ারি ২০১৯, ১০:০০

ঢাবিতে ‘শেখ হাসিনা গবেষণা কেন্দ্র’ চায় ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা গবেষণা কেন্দ্র’ স্থাপন চায় ছাত্রলীগ। এ লক্ষ্যে আজ দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করবে শাখা সংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা গবেষণা কেন্দ্র ছাড়াও আরো ১৪টি দফা জানিয়েছে ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে- অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, প্রশাসনিক-অ্যাকাডেমিক-পরীক্ষা-ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসা, বিশ্বের সর্বাধুনিক কেন্দ্রীয় লাইব্রেরি নির্মাণের প্রকল্প গ্রহণ, ক্যাম্পাসে গণ পরিবহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ, গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান, ‘সান্ধ্যকালীন কোর্স’ নিয়ে বিচার বিশ্লেষণের জন্য ‘শিক্ষা কমিশন’ গঠনের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও বাস্তবায়ন, ক্যান্টিনের খাবারের মান যথোপযুক্ত করা, অযৌক্তিকভাবে বর্ধিত সকল হল-বিভাগ-পরীক্ষা ফি প্রত্যাহার, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রুট বৃদ্ধি ও পর্যাপ্ত পরিবহনের মাধ্যমে যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য নবীনবরণ প্রদান ও আবাসন সংকটের আপৎকালীন সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধ অধ্যয়ন ইনস্টিটিউট’ নির্মাণের প্রকল্প গ্রহণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে ‘আন্তর্জাতিক সেমিনার’ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ।

আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষ্যে এই রূপরেখা দিয়েছে ছাত্রলীগ। জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন 'দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেয়। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল সংগঠনকেও ছাত্রলীগের দাবির সাথে ঐক্যমত পোষণের আহবান জানান তিনি।