টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আ. লীগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন রাজনীতিক দল আওয়ামী লীগ। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যার পর থেকেই বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হলেও ভোররাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের ফলাফল স্থগিত রাখে কমিশন। ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ।জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে সাতটি আসন। এর মধ্যে বিএনপির ৫টি ও গণফোরামের ২টি। জাতীয় পার্টি ২০, ওয়ার্কাস পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১টি আসনে জয় লাভ করেছে। স্বতন্ত্রসহ অন্যান্যরা জয় পেয়েছেন ৩টি আসনে। এছাড়া গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে এ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।
অন্যদিকে নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট। রবিবার রাতে বেইলি রোডের বাসায় তাৎক্ষণিক পতিক্রিয়ায় ড. কামাল হোসেন এ দাবি জানান।
তিনি বলেন, দেশের সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এখন পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশনকে বলছি, এ নির্বাচন বাতিল করা হোক। আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন নিষ্ঠুর প্রহসন, ভবিষ্যতে জাতির জন্য বড় ক্ষতি হয়ে গেল। তিনি বলেন, ‘শীর্ষ নেতারা ঢাকার বাইরে থেকে আসার পর পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হবে।’ আজ (সোমবার) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে। সে সভা থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।