চলছে ভোট গণনার কাজ
শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনার কাজ। অনেক আসনে সুষ্ঠু নির্বাচনের খবর পাওয়া গেলেও দেশের বিভিন্ন আসনে ভোট জালিয়াতি, ভোট প্রদানে বাধা, সহিংসতা ও হামলার খবর পাওয়া গেছে। গণমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৪ জন। সারাদেশে বিএনপির প্রায় অর্ধশত প্রার্থী ভোট বর্জন করেছেন।
আজ রবিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করলেও বেলা ১১টার পর থেকে সহিংসতার খবর আসতে থাকে। কেন্দ্রগুলোতে ক্ষমতাসীনদের আধিপত্য বাড়তে থাকে। সাধারণ ভোটারের উপস্থিতি কেন্দ্রে কমতে থাকে।
নির্বাচনের দিন সারা দেশে মোট ১৪ জন নিহত হয়েছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। ভোটাররাও ভোট দেওয়া নিয়ে নানা অভিযোগ করেছেন; বিশেষ করে ক্ষমতাসীন দলের কর্মীদের সামনে সিল দিতে বাধ্য করা, ব্যালট নিয়ে কর্মীদের সিল দেওয়ার মতো ঘটনা ঘটেছে। প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট হয়নি।
এবারের নির্বাচনে সারাদেশে ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ১৮৩টি। ভোটকক্ষ ছিল ২ লাখ ৭ হাজার ৩১২টি। তালিকাভুক্ত মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার: ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন এবং মহিলা ভোটার: ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন। নির্বাচনে অংশগ্রহণ করেছে ৩৯টি দল। নির্বাচনের লড়াই অংশ নিয়েছেন ১ হাজার ৮৬১ জন প্রার্থী। এদের মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৩৩ জন। বাকী ১২৮ জন স্বতন্ত্র প্রার্থী। ২৯৯ টি আসনে বিএনপির নির্বাচনী প্রার্থী ছিল ২৮২ জন। আওয়ামী লীগের প্রার্থীতা করেছে ২৭২ জন।