৩০ ডিসেম্বর ২০১৮, ১৬:২০

ঢাবির সব কেন্দ্রে থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়

  © লোগো

একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য আটটি কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজ রবিবার সকাল থেকে ভোট গ্রহণের আগে থেকেই কেন্দ্রগুলোর বাইরে সতর্ক অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে এই এলাকায় বিএনপি বা এর ছাত্রসংগঠনের কোনো অবস্থান বা তৎপরতা চোখে পড়েনি।

ক্যাম্পাসের কেন্দ্রগুলো থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শাহবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিন্টু অভিযোগ করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকার কেন্দ্র থেকে আমাদের ৪৭ জন পোলিং এজেন্টকে হুমকি-ধমকি দিয়ে বের করে দেওয়া হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে তিনটি, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে একটি, সায়েন্স অ্যানেক্সে একটি ও কার্জন হলে তিনটি কেন্দ্র রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বড় অংশটিই মহানগর ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। শুধু কার্জন হলের তিনটি কেন্দ্র ২০ নম্বর ওয়ার্ডে পড়েছে।

এ বিষয়ে জানতে ঢাকা-৮ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।