৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:০০

সারাদেশে থেকে ভোট দুর্নীতির খবর আসছে: ড. কামাল

সংবাদ সম্মেলনে ঐক্যফন্ট্রের নেতারা

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ড. কামাল বলেছেন, এখনও দফায় দফায় আমাদের কাছে সারাদেশের ভোট দুর্নীতির খবর আসছে। সব খবর এখনও এসে পৌঁছায়নি। অভিযোগগুলো আমরা সমন্বয় করছি। আজ রবিবার সন্ধ্যা ৬টায় পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে রাজধানীর আরামবাগে ডাকা সংবাদ সম্মেলনে এ কথা বলেন ড. কামাল। 

তিনি বলেন, মিনিটে মিনিটে সারাদেশ থেকে খবর আসছে। আমি অনেক দুঃখের সঙ্গে বলছি, স্বাধীনতার ৪৭ বছর পরও আমরা নির্বাচন নিয়ে উদ্বিগ্ন থাকছি। আমি গভীরভাবে এই নির্বাচনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভোটের জন্য যে আনন্দ উল্লাস হওয়া উচিৎ ছিল তা কারও মধ্যে নেই। কারণ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া এই দুপুরের মধ্যে আমরা এখন পর্যন্ত কোনো সুখবর পাইনি যে সারাদেশে কোথাও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা সুব্রত চৌধুরীসহ প্রমুখ।