২৯ ডিসেম্বর ২০১৮, ১০:০০
প্রথম ভোট নিজেকেই দেবেন ২৫ বছরের প্রিয়াংকা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। জীবনের প্রথম ভোট দেবেন ২৫ বছরের এই প্রার্থী। আওয়ামী লীগের হেবিওয়েট প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াংকা।
প্রিয়াংকা জানান, ২০১১ সালে এইচএসসি পাশ করার পরই শেরপুর শহরের মধ্যসেরীর বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন। তার ভোট কেন্দ্র হয়েছে পাশ্ববর্তী মহল্লা সিংপাড়ার দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুল। বিগত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে না আসায় ভোট দেননি বিএনপি নেতার কন্যা প্রিয়াংকা। মেডিকেলে পড়াশোনার চাপের কারণে ভোট দেওয়া হয়নি অন্যান্য জনপ্রতিনিধি নির্বাচনেও। সে কারণে তিনি এবার জীবনের প্রথম ভোট দেবেন।