২৫ বছর বয়সে বিএনপির এমপি প্রার্থী প্রিয়াংকা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে বিএনপি থেকে লড়ছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। বয়স ২৫ বছর ৫ মাস। ২০১৬ সালে এমবিবিএস পাস করা প্রিয়াংকা সম্প্রতি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক পদে যোগ দেন। বিএনপির হয়ে নির্বাচনে দাঁড়ানো সর্বকনিষ্ঠ প্রার্থী তিনি। অপেক্ষাকৃত কম বয়সে বিএনপির মত বড় দলের প্রার্থী হয়ে স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছেন তিনি।
নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৩ সালের ২২ জুন জন্মগ্রহণ করেন প্রিয়াংকা। ২০০৮ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এইচএসসি পাশ করেন ২০১০ সালে। ২০১৬ সালে এমবিবিএস পাস করেন প্রিয়াংকা। তিনি শেরপুরের বিএনপি নেতা শিল্পপতি হযরত আলীর মেয়ে।
প্রিয়াংকা জানান, দীর্ঘ ২২ বছর পর শেরপুর-১ আসনের বাসিন্দারা বিএনপি থেকে প্রার্থী পেল। নিজের দলের প্রার্থী পেয়ে খুশি বিএনপির নেতাকর্মীরাও। গণতন্ত্রের জন্য ভোট দিতে মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ৩০ ডিসেম্বর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি এই আসনে জেতার বিষয়ে আশাবাদী।’
এই আসনে প্রিয়াংকা বিপরীতে নৌকা প্রতীকে লড়বেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিক।
প্রসঙ্গত, এ আসনে প্রিয়াংকা ছাড়াও আরও তিনজন বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়নপত্র পান। তাদের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কার বাবা হযরত আলীও। তবে ঋণ খেলাপের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি।