১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:২৭

স্বল্প সুদে শিক্ষা ঋণ দেবে বিএনপি

প্রতীকী ছবি

বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষায় সরকারিভাবে ঋণ দেয়ার ব্যবস্থা থাকলেও বাংলাদেশে এই ব্যবস্থা নেই। ফলে আর্থিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থীই শিক্ষা গ্রহণে বাধার সম্মুখীন হন।  আর্থিক সমস্যা যাতে শিক্ষার্থীদের পড়ালেখায় কোন বাধা না হয়ে দাড়ায় সে জন্য শিক্ষায় স্বল্প সুদে ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে বিএনপি। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল লেকশোরে বিএনপির নির্বাচনী ইশতেহারে এই ঘোষণা দেয়া হয়েছে।  ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

ইশতেহারে স্বল্প সুদে ঋণ প্রদানের পাশাপাশি শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান ও যোগ্য অর্থনৈতিক উদ্যোগে আর্থিক সহায়তা দেয়ার অঙ্গিকার করা হয়েছে।  ইশতেহারে বলা হয়েছে তরুণ দম্পতি ও উদ্যোক্তাদের জন্য ২০ বছর মেয়াদী ঋণ চালু করা হবে।  বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণে মেধাবীদের সাহায্য প্রদানে তহবিল গঠন করারও অঙ্গিকার করা হয়েছে।  অন্যদিকে বিএনপির ইশতেহারে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার পাশাপাশি পড়ালেখা শেষে কর্মসংস্থান সৃষ্টি করে দেয়ার কথাও বলা হয়েছে।  এতে প্রথম তিন বছরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দুই লাখ মানুষকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।  বলা হয়েছে আগামী ৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। 

এছাড়া শিক্ষা বাণিজ্য নিরসনে শিক্ষার্থীদের ওপর থেকে সব ধরনের ভ্যাট বাতিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। সেই সঙ্গে ভ্যাট বিরোধী ও কোটা সংস্কার আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সকল মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দেয়ার কথাও বলা হয়েছে।  বিএনপির ইশতেহারে শিক্ষা সংশ্লিষ্ট অংশে আরো বলা হয়, বাংলা ভাষাসহ অন্যান্য বিদেশি ভাষা শেখার জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করা হবে।  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেয়া হবে।  মাদরাসা শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। তাদের কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভূক্ত করা হবে। প্রশ্নফাঁস বন্ধে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা ব্যবস্থা বিলোপ করা হবে।