০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪১

শিক্ষক নেতা সেলিম ভূঁইয়ার মনোনয়ন বাতিল

সেলিম ভূঁইয়া  © ফাইল ফটো

ঋণ খেলাপি থাকায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়ার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তিনি। বর্তমানে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

রবিবার ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য জানানো হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, ঢাকা ৬ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ঢাকা ৫ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন। ৯ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। ঢাকা ৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন। বাতিল করা হয়েছে ৬ জনের।

প্রসঙ্গত, ঢাকার ১৫টি আসনে ২১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত তিনটি আসনের প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই শেষ হয়েছে।