বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- ছাত্রলীগ নেতা রাসেল ফকির, সৈয়দ দিদার, সুজন সরদার, চয়ন সরদার, ইমন, ইয়ামিন মিয়া, রায়হান, রাব্বি মিয়া, মিলনসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা সুমন মাহামুদ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মিয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতা ইমরান মিয়ার এক সমর্থককে মারধর করে সুমন মাহামুদের দুই সমর্থক।
গৌরনদী বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কলেজ ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম বুলেটের ১৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনাসভা শেষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা চলে যাওয়ার পর ইমরান মিয়ার গ্রুপের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সুমন গ্রুপের ওপর হামলা চালায়। পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।