শিক্ষামন্ত্রীর মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মনোনয়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আওয়ামী লীগে বড় কোনো পরিবর্তন না আসলেও সিলেট-৬ আসনের বর্তমান সংসদ সদস্য শিক্ষামন্ত্রীর পদ নিয়ে বাড়ছে শঙ্কা।
এছাড়া শিক্ষামন্ত্রীর আসনে নির্বাচন করতে আগ্রহী বিএনপির সাবেক নেতা ও বর্তমানে বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য সমশের মবিন চৌধুরী। ফলে এই আসনে পরিবর্তনের সম্ভাবনাও আলোচনার বিষয়বস্তু।
২০১৪ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ৪৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদ বাদ পড়েছিলেন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন, জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হবে না। দেশি-বিদেশি জরিপ প্রতিবেদন দেখে মনোনয়ন দেওয়া হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এ রকম কথা বলে আসছিলেন। তাতে ৭০ থেকে ৮০ জন মন্ত্রী-সাংসদ বাদ পড়বেন বলে একটা ধারণা তৈরি হয়েছিল।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জরিপ অনুসারে মনোনয়ন দিলে অনেক মন্ত্রী-সাংসদ বাদ পড়ার কথা। কিন্তু এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। এর অর্থ দাঁড়ায়, হয় জরিপে সঠিক চিত্র উঠে আসেনি, নতুবা জরিপ পুরোপুরি অনুসরণ করা হয়নি।