ফেসবুকে ছড়িয়ে পড়া ছাত্রদলের বহিষ্কারাদেশটি ভুয়া
গত বৃহস্পতিবার ছাত্রদলের নামে ফেসবুকে ছড়িয়ে পড়া বহিষ্কারাদেশের সংবাদ বিজ্ঞপ্তিটি ভুয়া। ওই দিন ছাত্রদলের কাউকে বহিষ্কার করা হয়নি এবং এমন কোনো সংবাদ বিজ্ঞপ্তিও জারি বা গণমাধ্যমে পাঠানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির সহযোগী ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুস সাত্তার পাটোয়ারী। রাজধানীর নয়াপল্টনে গত বুধবার পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর এই বিজ্ঞপ্তিটি ফেইসবুকে ভাইরাল হয়ে পড়ে।
নয়াপল্টনের সংঘর্ষের জের ধরে ঘটনার জন্য পুলিশ এবং বিএনপি- দুই পক্ষই পরষ্পরকে দায়ী করে বক্তব্য দিয়েছে। একাধিক মামলা দায়ের ও বেশ কয়েকজনকে আটক-গ্রেপ্তারও করা হয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ছাত্রদলের প্যাডে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরসহ বহিষ্কারাদেশের একটি ‘প্রেস বিজ্ঞপ্তি’র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্যাড এবং স্বাক্ষর দুটি দেখতে আসল হলেও এগুলো অন্য কোনো সংবাদ বিজ্ঞপ্তি থেকে কেটে ভুয়া বহিষ্কারাদেশের বক্তব্য লিখে প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদল নেতারা।
জাল বিজ্ঞপ্তিটিতে শাহজাহানপুর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহাগ ভূঁইয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিবুল আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসানের নকল স্বাক্ষরও তাতে যুক্ত করা হয়। জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠনের গুরুত্বপূর্ণ একটি ইউনিটের একজন নেতাকে বহিষ্কারের খবর নিয়ে তোলপাড় শুরু হয় সংগঠনটির নেতাকর্মীদের মাঝে। অনেক গণমাধ্যম কর্মীও ওই ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত হন।
ভুয়া সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ‘জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শাহজানপুর থানা ছাত্রদলের সাোরণ সম্পাদক মো. সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে শৃঙখলা ভঙ্গের দায়ে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো।’
জানা যায়, বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দৃষ্টিতে আনে সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীরা। এই ধরনের কোন সিদ্ধান্ত হয়েছে কিনা বিষয়টি গণমাধ্যমকে পরিষ্কার করার দাবি জানান তারা। নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়- বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিটি ভুয়া।
ছাত্রদলের দপ্তর সম্পাদকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বহিষ্কারের এই সংবাদ বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। মূলত বৃহস্পতিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই ধরনের কোনো মিটিং হয়নি।’ ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের এই ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘ভবিষ্যতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে যে প্রেস বিজ্ঞপ্তি যাবে সেটাই আমাদের কথা। তার বাহিরে কোন ব্যক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কােন প্রেস বিজ্ঞপ্তি গেলে সেটা আমলে না নেওয়ার জন্য সাংবাদিক ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের অনুরোধ করা হলো।’