১৫ নভেম্বর ২০১৮, ১৪:২৪

ক্ষমা না চাইলে খালেদার কার্যালয় ঘেরাও: ছাত্রলীগ

ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

গতকাল নয়া পল্টনে পুলিশের গাড়ি পোড়ানোর ভাঙচুরের ঘটনায় বিএনপি নিঃশর্ত ক্ষমা না চাইলে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। 

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ ঘোষণা দেন। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোলাম রাব্বানী বলেন, রাজপথে টিকতে না পেরে বিএনপি গুজবের আশ্রয় নিয়েছে। তারা সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করছে এবং পুলিশের গাড়ি ভাংচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা হামলা করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। এসময় তিনি হামলার বিভিন্ন ছবি দেখান৷

সাধারণ সম্পাদক বলেন, যারা হামলা করেছে সবাই বিএনপির ক্যাডার৷ কিন্তু মির্জা ফখরুল তাদের হেলমেট বাহিনী বলে মিথ্যাচার করেছে। বিএনপি যদি এ হীন কাজের জন্য ক্ষমা না চায় তাহলে ছাত্রলীগের নেতাকর্মীরা খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করবে।

ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন বলেন, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিএনপি জামাত আগুন সন্ত্রাস করে বানচাল করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছে। এসময় তিনি আওয়ামীলীগের পক্ষে নির্বাচনে কাজ করে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।