১৪ নভেম্বর ২০১৮, ০৯:১৭

শুক্রবারে হচ্ছে না প্রধানমন্ত্রীর ‘লেটস টক’

তরুণদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত বিনিময়ের অনুষ্ঠান ‘লেটস টক’  স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না তরুণদের সাথে প্রধানমন্ত্রীর সরাসরি মতবিনিময়টি।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। 

১৬ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠানটি বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচারের আয়োজন করা হচ্ছিল। এর মাধ্যমে প্রথমবারের মতো তরুণ প্রজন্মের মুখোমুখি হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সিআরআই জানায়, অনিবার্য কারণে অনুষ্ঠানটির তারিখ পুননির্ধারণ করা হয়েছে। যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের নতুন তারিখ জানিয়ে দেয়া হবে। 

নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভবিষ্যৎ ভাবনার কথা জানানো, সেই সঙ্গে তরুণদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা শোনার জন্য এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। 

সাম্প্রতিক কয়েকটি গবেষণা প্রতিবেদন-জরিপে উল্লেখ করা হয়েছে, দেশের তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণদের কাছে তিনি কেন এত জনপ্রিয়, সেটা তুলে ধরার জন্য সিআরআই প্রধানমন্ত্রীর ‘লেটস টক’ অনুষ্ঠানের উদ্যোগ নেয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে বাছাই করা ১৫০ জন অংশগ্রহণকারী তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। 

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে নিয়ে বেশ কয়েকবার ‘লেটস টক’ আয়োজন করে সিআরআই। প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিকও এ অনুষ্ঠানে অংশ নেয়। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন আয়োজন তরুণদের একটি বড় অংশের মধ্যে আগ্রহ তৈরি করে।