১৩ নভেম্বর ২০১৮, ২১:৫৮

মনোনয়নপত্র কিনলেন ছাত্রদলের সাবেক নেতারা

  © লোগো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন ছাত্রদলের বেশ কয়েকজন নেতা। সোমবার থেকে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরম কেনা ও জমার সময় ১৬ নভেম্বর পর্যন্ত। 

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন নির্বাচনী আসন থেকে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কেউ ব্যান্ড বাজিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে আবার অনেকে মিছিল নিয়ে আসে কেন্দ্রীয় কার্যালয়ে। নেতা-কর্মীদের পদচারণায় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

নির্বাচনে বিএনপি থেকে পেশাজীবী ছাড়াও এবার মনোনয়ন চান ছাত্রদলের সাবেক নেতারা। সংগঠনটির সাবেক একাধিক কেন্দ্রীয় নেতা মনোনয়নপত্র কিনেছেন। এদের মধ্যে রয়েছে-ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ। তিনি ঝিনাইদহ-৪ আসনের (সদরের একাংশ ও কালীগঞ্জ) নির্বাচন করতে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্রদলের সাবেক নেতা মিয়া নুরুদ্দিন অপু। তাঁর নির্বাচনী আসন শরীয়তপুর-৩ (গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ)।  এদিন কর্মী-সমর্থকদের নিয়ে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের প্রাক্তন সভাপতি এ. এস. এম. শহীদুল্লাহ্ ইমরানও মনোনয়নপত্র সংগ্রহ করেন । তিনি নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসন থেকে নির্বাচন করতে চান।

এ ব্যাপারে এ. এস. এম. শহীদুল্লাহ্ ইমরান দ্যা ডেইলি ক্যাম্পাসে বলেন, আমি  আমার আসনের নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসন থেকে নির্বাচন করতে চাই। এজন্য মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছি। 

তিনি বলেন, আমি আগে থেকে বিএনপির নেতাকর্মীসহ সব শ্রেণীর জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। দল থেকে মনোনয়ন দিলে আমি এ আসনটি উপহার দিতে পারবো।

মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্রদলের আরেক সাবেক সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না। তিনি চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসন থেকে নির্বাচন করতে চান। 

ব্রাহ্মণবাড়িয়া-(০৫) নবীনগর আসনের মনোনয়নপত্র কিনেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

এদিকে, মঙ্গলবার দ্বিতীয় দিনে ৫টা পর্যন্ত আট বিভাগে মোট ১২১৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বলে জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি জানান, সকাল ১০টার দিকে ৬টি বুথে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু হয়। 

দু’দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২হাজার ৫৩৯টি। ফরমের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা। মনোনয়ন ফরম কেনা ও জমার সময় ১৬ নভেম্বর পর্যন্ত। এর আগে সোমবার প্রথম দিনে আট বিভাগে মোট ১৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি।