০৬ নভেম্বর ২০১৮, ২১:৪০

সাতক্ষীরায় অস্ত্রসহ শিবির সভাপতি আটক

সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, গুলি, হাতবোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের লিয়াকাতের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলেন- কলারোয় উপজেলার খলিষাবুনিয়া গ্রামের এনছার আলির ছেলে ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন মামুন (৩০), শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের জামাত আলীর ছেলে ও জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল আমিন (২৭), শিবির কর্মী কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে বাকী বিল্লাহ (৩২) ও একই গ্রামের জিয়াদ আলীর ছেলে সাগর হোসেন (২৩)।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে জেলা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি হাতবোম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।