০১ নভেম্বর ২০১৮, ২৩:১৬

ফের ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল কর্মীকে মারধর ছাত্রলীগের

ছাত্রদল কর্মী মোহাম্মদ ইমন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল কর্মীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মরধরে আহত ওই ছাত্রদল কর্মীর নাম মোহাম্মদ ইমন। তিনি ঢাবির ইংলিশ স্পিকিং ফর আদার ল্যাংগুয়েজ বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং জিয়া হলের ছাত্রদল কর্মী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর টিএসসিতে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এবং ঢাবির বঙ্গবন্ধু হল শাখা ছাত্রদলের সদস্য রায়হানুল আবেদিন।

জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ঢাবির জহুরুল হক ছাত্রলীগের সহ-সম্পাদক সাকিবুর রহমান সায়েম, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ-সম্পাদক শোয়েব আহম্মেদ বাঁধন ও কার্যকরী সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ কর্মী ইমনকে টিএসসিতে মারধর করে তারা। এসময় টিএসসিতে এক বন্ধুকে নিয়ে চা খাচ্ছিলেন।

এ ব্যাপারে সাকিবুর রহমান সায়েম বলেন, তাকে মারধর করা হয়নি। তবে দৌড়ানী দিয়েছিলাম। কেন দৌড়ানী দেয়া হয়েছিল-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সে টিএসসি চা খাচ্ছিলো, সেটা দেখে আমি আরও কয়েকজনসহ এমনিতে দৌড়ানী দিই। পরে সে পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

ঢাবি ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ : ছাত্রদল কর্মী ইমনকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাবি ছাত্রদল। রাতে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক ইজাজ শাহ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করে তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানান ঢাবি ছাত্রদল।