২২ অক্টোবর ২০১৮, ১০:৪৩

চট্টগ্রাম কলেজে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা কেন্দ্রীয় ছাত্রলীগের

চট্টগ্রাম কলেজ  © ফাইল ফটো

গত মাসের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা করার পর এ পর্যন্ত দুই পক্ষের মধ্যে একাধিক বার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ধরণের অস্থিতিশীল পরিস্থিতি প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে যে কোন ধরণের সভা-সমাবেশ না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রবিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিস্থিতির নিরিখে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে কোন ধরণের সভা-সমাবেশ না করার জন্য নির্দেশ প্রদান করা হল।’

প্রেস বিজ্ঞপ্তিতে অস্থিতিশীল পরিস্থিতি তদন্তে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ।

প্রেস বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, তিন দশকের বেশি সময় পর গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। প্রয়াত নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী মাহমুদুল করিমকে এই কমিটিতে সভাপতি এবং প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণার পরদিনই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। কমিটিতে ঠাঁই পাওয়া এ পক্ষের কয়েকজন পদত্যাগও করে।

এরপর ১৯ অক্টোবরও দুই পক্ষের মধ্যে ধাওয়া হয়। সেদিন অস্ত্রধারী একজনকে গুলি করতে দেখা যায়। পরদিন সেই অস্ত্রধারী নগর ছাত্রলীগের সহ-সম্পাদক মো. সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। সাব্বির নগর ছাত্রলীগের রাজনীতিতে আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।

২০ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নাছিরের অনুসারীরা মাহমুদুল করিমকে ‘উত্যক্তকারী’ এবং সুভাষ মল্লিক সবুজকে ‘ভূমিদস্যু’ আখ্যায়িত করে কমিটি বাতিলের দাবি জানায়। ৩ অক্টোবর চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সর্বশেষ, ৫ অক্টোবর আবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন।