২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৪

বাংলাদেশ শিক্ষক সমিতির নতুন সভাপতি বজলুর, সম্পাদক কাওছার

সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওছার আলী শেখ।

বাংলাদেশ শিক্ষক সমিতির  নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ মো. কাওছার আলী শেখ।শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে  সমিতির দ্বাদশ জাতীয় সম্মেলনে তাদের নির্বাচিত করা হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে বলে নিশ্চিত করেছেন নবনির্বাচিত সভাপতি বজলুর রহমান মিয়া। এর আগে শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং সিনেট ও সিন্ডিকেটের সদস্য ও সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন চুন্নু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার। এতে প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।