২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩২

কেন্দ্রীয় নেতার উপর ছাত্রলীগের হামলায় প্রতিবাদ ছাত্রদলের

ছাত্রলীগের হামলায় আহত আকরাম উদ্দিন পাভেল  © টিডিসি ফটো

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য আকরাম উদ্দিন পাভেলকে চট্টগ্রাম হাটহাজারিতে ছাত্রলীগ হামলা চালিয়ে মারাত্নক ভাবে আহত করেছে বলে অভিযোগ ছাত্রদলের। শনিবার তার উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে দাবি করে সংগঠনটি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বিবৃতিতে বলেন, ‘অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় ছাত্রলীগ সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে ছাত্রদল নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন, চাপাতি দিয়ে কোপানোর টেন্ডার দিয়েছে। হামলা-মামলা-পুলিশ এই তিনে এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বর্তমান জবর দখলকারী এই অবৈধ সরকার।

তারা বলেন, ‘ ছাত্রলীগের হামলায় এবং তাদের বর্বর আক্রমণে পুরোপুরি পর্যুদস্ত দেশের সচেতন ছাত্রসমাজ থেকে শুরু করে আপামর জনগণ। ছাত্রলীগ এখন ছাত্রসংগঠন নয়, সন্ত্রাসী সংগঠন- এটা প্রমানিত সত্য। ছাত্রলীগ সন্ত্রাসীদের চাপাতির কোপে ক্ষত বিক্ষত দেশ যখন অশান্ত হয়ে উঠছে, তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে উল্টো ছাত্রদল নেতাদের গ্রে করছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,‘অবিলম্ভে আকরাম উদ্দিন পাভেলের হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সাথে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ছাত্রলীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যতই চেষ্টা করা হউক ছাত্রদল গণতন্ত্র পুনঃউদ্ধারের ব্যাপারে একবিন্দুও ছাড় দিবেনা।’