১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

মশিউর রহমান রনি  © ফাইল ফটো

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ‘গোয়েন্দা পুলিশ (ডিবি)’ পরিচয়ে রাজধানী থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পল্টন এলাকা থেকে মশিউরকে তুলে নেওয়া হয় বলে তার ছোট ভাই মহিবুর রহমান রানা অভিযোগ করেছে।  তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।

রনির ছোট ভাই মহিবুর রহমান বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার মোবাইলে ফোন করে জানান যে, পল্টন এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন একটি কালো মাইক্রোবাসে করে রনিকে তুলে নিয়ে গেছে। পরে ওই ব্যক্তি ফতুল্লা থানায় যোগাযোগ করতে বলে লাইন কেটে দেন।

তিনি বলেন, এরপর রনির মোবাইলে একাধিকবার ফোন করেও তা বন্ধ পাওয়া যায়। ওই ব্যক্তির সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

পরে তারা ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে যোগাযোগ করলে তারা রনিকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন বলে মহিবুর জানান।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম জানান, রনিকে গ্রেপ্তারের বিষয়টি তার জানা নেই।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, রনির বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে; তবে তাকে গ্রেপ্তার করা হয়নি।

ছাত্রদলের নিন্দা: মশিউর রহমান রনিকে পরিকল্পিতভাবে গুম করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাতে রনিকে রাজধানী থেকে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম করা হয়েছে।  তার পরিবার সেটি অভিযোগ করেছে। সেই অভিযোগকে আমলে নিয়ে ছাত্রদল নেতৃদ্বয়ের দাবী, অবিলম্বে তাকে আইনের হাতে সোপর্দ করা হউক। কিন্তু এখন পর্যন্ত তাকে আইনের হাতে সোপর্দ না করায় উষ্মা প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় অবিলম্বে মশিউর রহমান রনিকে আদালতের সামনে পেশ করার আহবান জানিয়েছেন পরে যদি সাজানো কোন নাটকের মাধ্যমেতার সাথে অনাকাংখিত কিছু করা হয় তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করে দেন।