অবশেষে পরিচিতি হালনাগাদ করলেন সোহাগ
অবশেষে নিজের পরিচিতি হালনাগাদ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। দেশের প্রাচীন এই ছাত্র সংগঠনটির সর্বোচ্চ পদ থেকে আনুষ্ঠানিকভাবে সাবেক হওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় দেড় মাস ওই পরিচয় বহাল রেখেছিলেন তিনি।
এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও সামজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টিতে ‘সোহাগ এখনও ছাত্রলীগ সভাপতি!’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশ করে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’। পরে নিজের পরিচিতি হালনাগাদ করেছেন সাইফুর রহমান সোহাগ। ফেসবুকে এখন আর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির পরিচয় বহন করছেন না তিনি।
গত ৩১ জুলাই রেজোয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই আগের কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নিজের ফেসবুক আইডিতে পদ সংশোধন করেন। কিন্তু গতকাল বুধবার এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত সাইফুর রহমান সোহাগ পদ সংশোধন করেননি। এ বিষয়ে জানতে সাইফুর রহমান সোহাগ বলেছিলেন, ‘এটা ভুলবশত হয়নি। আজকের (গতকাল) মধ্যেই ঠিক করে নেবো’। এবং তিনি তা সংশোধনও করেছেন।