২৯ আগস্ট ২০১৮, ১৫:৩১

নারায়ণগঞ্জে ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার, নিন্দা ছাত্রদলের 

লোগো

নারায়নগঞ্জের কাচঁপুর থেকে ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে সংগঠনটি।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার নারায়েণগঞ্জের কাঁচপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা থেকে পুলিশ তাদের আটক করে।গ্রেপ্তারকৃত নেতারা হলেন- মোজান্মেল, কাজী হিমেল, বিল্লাল হোসেন, রুহুল আমিন পাবেল, ফরহাদ হেসেন, আব্দুল হালিম, ওমর ফারুক, আবুল বাসার, সাইদুর রহমান, খোরশেদ আলম, ইউনুছ, সাইজউদিন, জাকারিয়া। এরা সবাই সোনারগাঁও থানা ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, পুলিশ নির্ভর এই অবৈধ সরকার ক্ষমতায় অবৈধ ভাবে টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জনগণের মনে আতঙ্ক, ভয়, এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় আওয়ামী লীগ। সেজন্য ছাত্রদল নেতা-কর্মীদের বিনা কারণে গ্রেফতার করে একের পর এক মামলা দায়ের করছে সরকার। পুলিশ রিমান্ডে বিভৎস নির্যাতন চালানো হচ্ছে। তল্লাশির নামে বাসা-বাড়িতে ভাংচুর করছে প্রশাসন। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের অঙ্গসংগঠন হিসেবে ব্যবহার করছে ।

তাঁরা বলেন, ছাত্রদল নেতা-কর্মীরা সকল নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে সাহসিকতার সাথে অবস্থান করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।