০৩ আগস্ট ২০১৮, ০০:২৯
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা সোহেল তাজের
নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি এ আন্দোলনে সমর্থনও জানিয়েছেন।
বৃহস্পতিবার তিনি নিজের ফেসবুক পেজে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সমর্থনের কথা জানান।
সোহেল তাজ লিখেন, ‘আমি আমার শিক্ষার্থী ভাইবোন, অভিভাবক এবং সকল সাধারণ মানুষের নিরাপদ সড়কের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি ও সমর্থন জানাচ্ছি। নিরাপদ সড়ক এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে আমি অনেক আগে থেকেই বলে আসছি।
এ বিষয় নিয়ে আমি বেশ কিছু উদ্যোগও নিয়েছিলাম। প্রয়োজনে আমি সরকারকে এর সমাধানে সহায়তা করতে প্রস্তুত। ২০১০ সালে আমি বলেছিলাম, সড়ক দুর্ঘটনা বাংলাদেশের জন্য একটি নীরব সুনামি।’