০৪ জুলাই ২০১৮, ১০:৪৪

সন্ধ্যায় ছাত্রলীগের পদপ্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের সঙ্গে কথা বলার জন্য তাদের গণভবনে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় গণভবনে পদপ্রত্যাশী সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি।

১১ ও ১২ মে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ১১১ জন ও সাধারণ সম্পাদক পদের জন্যে ২১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের সবাইকে গণভনে ডাকা হয়েছে বলে জানাগেছে। 

ওই সময় সম্মেলনে শেখ হাসিনার নির্দেশ মতো সমঝোতার মাধ্যমে কমিটি করতে ব্যর্থ হয়ে মনোনয়নপ্রত্যাশী সবার নামের তালিকা গণভবনে দিয়ে আসেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সেদিন প্রধানমন্ত্রী তাদের পরে কমিটি ঘোষণার কথা জানিয়েছিলেন।

সূত্র মতে, এরপর ছাত্রলীগের নতুন কমিটির সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন শেখ হাসিনা। নিজস্ব টিম এবং একাধিক গোয়েন্দা সংস্থা সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যাপারে অনুসন্ধান করে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার কাছ থেকেও তিনি নাম নিয়েছেন।

দলীয় সূত্রে ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নেতা হিসেবে দায়িত্ব তুলে দেওয়ার আগে প্রার্থীদের রাজনৈতিক মেধা, দক্ষতা ও যোগ্যতার পরীক্ষা নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্য একটি সূত্র জানায়, প্রার্থীদের সঙ্গে কথা বলার পরে আবার দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কেন্দ্রীয় কমিটির আরো বেশ কিছু পদে নেতার নাম ঘোষণা করা হতে পারে।