২৯ এপ্রিল ২০২২, ২০:০১

দেশের ৮৭ শতাংশ মানুষ নারীদের চাকরি করার বিপক্ষে 

ক্লাস নিচ্ছেন শিক্ষিকা  © ফাইল ফটো

দেশের ৮৭ শতাংশ মানুষ নারীদের চাকরি করার বিপক্ষে মত দিয়েছেন। সম্প্রতি জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো)  প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

বিশ্বের ৮৪টি দেশের নাগরিকদের ওপর ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত এই জরিপ চালানো হয়েছে। জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে নারীদের চাকরি করার বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি বৈষম্যমূলক।

জরিপে অংশ নেওয়া প্রাপ্তবয়স্ক বাংলাদেশিরা মনে করেন, নারীরা চাকরি করলে তার সন্তান ক্ষতিগ্রস্ত হবে, তাই তাঁদের চাকরি করা ঠিক নয়। অর্থাৎ পুরুষেরা বাইরে চাকরি করে আয় করবেন, আর নারীরা বাসায় সন্তানের লালনপালন ও পরিবারের অন্য কাজগুলোয় নিজেদের সীমাবদ্ধ রাখবেন। তবে দেশের ১২ শতাংশ মানুষ এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

এ ক্ষেত্রে বাংলাদেশের পুরোপুরি উল্টো মত ডেনমার্ক, ইন্দোনেশিয়া ও জাপানের নাগরিকদের। ‘নারীর পেশায় যুক্ত হওয়া উচিত নয়’—এই মতের সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করেছেন দেশগুলোর ৮৫ শতাংশের বেশি মানুষ।

আরও পড়ুন: পাবলিকে পরীক্ষার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

বাংলাদেশের পুরুষদের এমন দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম গণমাধ্যমকে বলেন, দেশে বস্তুগত উন্নতি হলেও এখনো মানসিক, সাংস্কৃতিক ও চিন্তাগত উন্নতি হয়নি। যত দিন পারিবারিক সব দায়িত্ব শুধুমাত্র নারীর এবং এখানে পুরুষের কোনো দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করা হবে না, তত দিন এই রকমই চলতে থাকবে। এটা বৈষম্যমূলক। এ পরিস্থিতি থেকে উন্নতির জন্য সবার কাজ করা দরকার।

পেশায় যোগদান নিয়ে দৃষ্টিভঙ্গি বৈষম্যমূলক হলেও শিক্ষায় অংশগ্রহণে ছেলেমেয়ের পার্থক্য কমে আসছে বাংলাদেশে। ইউনেসকোর প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। এতে বলা হয়, ২০০০ সালে নিম্ন মাধ্যমিকে অংশগ্রহণের ক্ষেত্রে সংখ্যায় ছেলেদেরও ছাড়িয়ে গেছে মেয়েরা। স্কুল ও মাদ্রাসার মাধ্যমিকের ছাত্রীদের জন্য বৃত্তি চালুর কারণে এই অংশগ্রহণ বেড়েছে।