বদলির প্রতিবাদে বিষ খেয়ে জনসম্মুখে ৫ শিক্ষিকার আত্মহত্যাচেষ্টা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় রাজ্য সরকারের প্রশাসনিক কেন্দ্র বিকাশ ভবনের সামনে পুলিশের উপস্থিতিতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ৫ জন শিক্ষিকা। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ওই ৫ শিক্ষিকা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। আজ মঙ্গলবার সকাল থেকেই বিকাশ ভবনের সামনে এসে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, বেআইনিভাবে তাঁদেরকে কোচবিহারের দিনহাটায় বদলি করা হয়েছে। কিন্তু এতো দূরে চাকরি করতে যাওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।
শিক্ষিকারা দাবি জানিয়েছেন, তাঁদের বাড়ির কাছাকাছি এলাকায় বদলি করা হোক। এই দাবিতেই বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
আরও পড়ুন: যেকোনো সময় স্কুল খোলা হবে: প্রতিমন্ত্রী জাকির
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর উত্তর থানার পুলিশ। তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ওই শিক্ষিকাদের। তারপর তাঁরা পুলিশের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
বিষের প্রভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁদেরকে তৎক্ষণাৎ বিধান নগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, ৫ জনের মধ্যে ২ জন শিক্ষিকাকে আশঙ্কাজনক অবস্থায় এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।