৩০ জুন ২০২১, ০০:৪৪

অ্যালিশা মার্টসহ ৭ ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব

  © ফাইল ফটো

অ্যালিশা মার্টসহ সাতটি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। তবে এর মধ্যে আলোচিত ও বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি এর নাম নেই।

অ্যাকাউন্ট তলবের তালিকায় রয়েছে- অ্যালিশা মার্ট, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম। মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এসব প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্নিষ্ট ব্যক্তির নামে কোনো হিসাব বর্তমানে বা এর আগে পরিচালিত হলে তা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীও পাঠাতে হবে।

চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে এসব প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে হবে।

এ সাতটি প্রতিষ্ঠানসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে এরই মধ্যে কার্ডে লেনদেন স্থগিত করেছে অনেক ব্যাংক।কয়েকটি ব্যাংক এই ৭ প্রতিষ্ঠান ছাড়াও ইভ্যালি, ই-অরেঞ্জ ও কিউকমের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করে।

বেসরকারি খাতের ব্র্যাক, সিটি, মিউচুয়াল ট্রাস্ট, ব্যাংক এশিয়া, ঢাকা ও প্রাইম ব্যাংক এরই মধ্যে তাদের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে নির্দিষ্ট ই-কমার্স সাইটে লেনদেন আপাতত স্থগিত করেছে।

এর আগে গতবছর ইভ্যালির অ্যাকাউন্ট তলব এবং পরে ফ্রিজ করে বাংলাদেশ ব্যাংক। তখন ইভ্যালি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়।