১১ মে ২০২১, ১৬:৩৬
রাশিয়ার স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৯
রাশিয়ার কাজান শহরে একটি স্কুলে গুলিতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন শিশু। নিহত আরেকজন স্কুলের শিক্ষক।
মঙ্গলবার (১১ মে) মস্কো থেকে ৮২০ কিলোমিটার পূর্বে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।
সংবাদ সংস্থা তাসের বরাতে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, একজন বন্দুকধারী স্কুলের ভবনের ভেতরে অবস্থান করছিলেন। গুলিতে তিনিও নিহত হয়েছেন।
প্রাথমিক খবরে জানা যায়, ওই স্কুলটিতে দুই ব্যক্তি গুলি চালান। ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে।
উদ্ধারকারী দল বলছে, তাঁরা বিস্ফোরণের শব্দ শুনেছেন।
রাশিয়ায় স্কুলে হামলার ঘটনা বেশ বিরল। সবশেষ দেশটিতে এধরনের বড় ঘটনা ঘটেছিল ২০১৮ সালে। সেসময় রুশদের দখলকৃত ক্রিমিয়ার একটি কলেজে এক শিক্ষার্থী হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করে এবং পরে নিজেও আত্মহত্যা করে।