নাইজারে স্কুলে আগুন, ২০ শিশুর প্রাণহানি
আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামিতে গতকাল মঙ্গলবার একটি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষে ভয়াবহ আগুনে ২০ শিশু প্রাণ হারিয়েছে। দেশটির ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিসের কমান্ডার সিদি মোহাম্মাদ সরকারি টেলিভিশনকে বলেন, ‘খড়ের কুঁড়েঘরে আগুন লেগে তা ২১টি শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ শিশু আগুনের মধ্যে আটকা পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত অভিযান শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে শিশুরা আর বের হতে পারেনি।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরকারি টেলিভিশন পরিবেশিত খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শিশুরা শ্রেণিকক্ষের ভেতরে ছিল। অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
প্রধানমন্ত্রী উহোমোদো শিশুদের বাবা-মার প্রতি তাঁর শোক জানাতে নাইজারের রাজধানীর উপকণ্ঠে সংঘটিত এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।