১২ এপ্রিল ২০২১, ২০:৪১

ভারতে ব্যাপক করোনার মধ্যে কুম্ভমেলায় লাখো মানুষ

  © সংগৃহীত

করোনা মহামারির ভয়াবহতার দিক দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে ভারত। একদিনে সর্বাধিক এক লাখ ৬৮ হাজার ৯১২ জনের করোনা ধরা পড়েছে ভারতজুড়ে।

ভয়াবহ করোনাভাইরাসকে তোয়াক্কা না করে দেশটির ঐতিহ্যবাহী কুম্ভমেলা উপলক্ষে গঙ্গায় একটি ডুব দিয়ে পবিত্র হতে ভিড় জমিয়েছে লাখো মানুষ। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু ও যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবরে এমনটি বলা হয়েছে।

আজ সোমবার দেশটির উত্তরাখণ্ডের হিমালয় রাজ্যের হরিদ্বার শহরে কুম্ভমেলায় পুণ্য স্নানের জন্য উপস্থিত হন পুণ্যার্থীরা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, গঙ্গাস্নান সব পাপ ধুয়ে দিয়ে পরিত্রাণ আনে।

চার শহর এলাহাবাদ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী থেকে যেকোনো একটি জায়গা বেছে নেওয়া হয় কুম্ভ মেলা আয়োজনের জন্য। এবার আয়োজিত হচ্ছে হরিদ্বারে। সোমবার দিন অন্তত সাড়ে ছয় লাখ মানুষ এখানে ডুব দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আবহেও এবারের মেলায় উপচে পড়া ভিড়ের কারণে নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে তারা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবারের কুম্ভমেলা উৎসব বাতিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু নিরাপত্তা নিয়মের মধ্যে মেলা আয়োজনের আশ্বাস দেয় দেশটির সরকার।