১১ এপ্রিল ২০২১, ১৬:১১

'নাফিসা আনজুম খান, একজন বাংলাদেশ'-অভুক্তদের দুয়ারে আবারো মানবতার গাড়ি

নাফিসা আনজুম খান  © ছবি : সংগৃহীত

‘বিনামূল্যে খাবার সরবরাহ, পরিচালনায় নাফিসা আনজুম খান, একজন বাংলাদেশ’- তার নীচে যোগাযোগের জন্য মুঠোফোনের নাম্বার সিএনজি নিয়ে ঢাকার রাস্তায় বের হন এক অদম্য নারী। করোনার প্রকোপ ঠেকাতে লকডাউনে গৃহবন্দী হয়ে পরে হাজারো মানুষ। যাদের অনেকেই কর্মহীন হয়ে অভুক্ত দিন কাটায়। তাদের জন্য ৭-১০ দিনের খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে দিয়ে আসেন নাফিসা আনজুম খান। এমনকি সাহায্য হাতে তুলে দিয়ে প্রচারের জন্য কোনো ফোটোগ্রাফও তিনি তোলেন না। তাই নিঃসঙ্কোচে তার থেকে সাহায্য গ্রহণ করে সবাই।

রাজধানীর মোহাম্মদপুরের নাফিসা নিজ উদ্যোগে গত বছর মে মাসে করোনায় লকডাউন চলাকালীন প্রথম এই সেবা প্রদান শুরু করেন। বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নাফিসার মুঠোফোনে আসা কলগুলো তিনি রিসিভ করে বিনামূল্যে খাদ্য পৌঁছে দিয়ে আসেন। এ বছর করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। তাই তিনি আগামী ১৪ এপ্রিল থেকে আবারো তার এই সেবামূলক কর্যক্রম শুরু করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে।

এছাড়াও নাফিসা আনজুম খানের পথশিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য রাজধানীর আদাবর ও কামরাঙ্গীরচরে দুটি স্কুল রয়েছে। তিনি ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ থেকে মাস্টার্স করেছেন। নাফিসা গত বছর একাই কাজটি শুরু করেছিলেন। তবে কাজ দেখে তার শিক্ষাপ্রতিষ্ঠান ইউল্যাবের ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন এগিয়ে আসে। এছাড়াও আরো অনেকে তার মহৎ কাজে তার পাশে দাঁড়িয়েছে।

গাড়ির গায়ে দেয়া নাম্বার নিয়ে নাফিসা বলেন, ‘অনেকে আমার নম্বরটিকে হটলাইনের নম্বর ভাবে। আবার অনেকে ভাবে সিটি করপোরেশনের নম্বর। ফোন ধরতে না পারলেই লিখে পাঠান ফোনে পাচ্ছেন না। অনেকে ফোনে নানা খুদে বার্তা পাঠিয়ে বিরক্তও করে। তবে এসব নিয়ে ভাবি না।’

তার দেয়া খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, আলু, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ থাকে। এভাবে সবাই সব তরুণ- তরুণী যদি তাদের মানবতার হাত বাড়িয়ে দেয় তাহলে সহজেই করোনার যুদ্ধকালীন সময় কাটিয়ে ওঠা সম্ভব।