০৯ এপ্রিল ২০২১, ১৬:৩৭
দেশের আট অঞ্চলে বৃষ্টি হতে পারে
দেশের আট অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ কারণে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙ্গামাটি, কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন রাজারহাটে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।