২০ মার্চ ২০২১, ১৮:০৮

ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে শিখুন

সনজিত চন্দ্র দাস  © সংগৃহীত

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ছাত্র রাজনীতিতে কিছুটা উত্তাপ ছড়িয়েছে। আগমনের বিরোধিতা করে এরই মধ্যে আন্দোলন করেছে কয়েকটি সংগঠন। বিপরীতে আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। 

এর আগে মোদী আসার বিরোধিতা করে কর্মসূচি ঘোষণা করতে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল বামপন্থী সংগঠনগুলো। কিন্তু সকাল থেকে পুরো ক্যানটিন দখলে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ক্যানটিনের পাশের দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তারা। বাম ছাত্র সংগঠনগুলোকে নির্দিষ্ট স্থানে কর্মসূচি পালন করতে না দেয়ার অভিযোগও রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে ছাত্র রাজনীতিতে তখন এই উত্তাপ, তখন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের মোদিবিরোধী সমাবেশকারীদের ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলা’র একটি বক্তব্যও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এসব বিষয়ের মধ্যেই শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি একটি স্ট্যাটাস দিয়েছেন সনজিত। স্ট্যাটাসে পাকিস্তান সমর্থনকারীদের সমালোচনা করেছেন তিনি। বিপরীতে ভারতের অবদান স্বীকার করে দেশটির প্রতি কৃতজ্ঞতা স্বীকারের আহ্বান জানিয়েছে। তিনি লিখেছেন, ‘‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাওয়াত পায়নি তাই কি আপনাদের লাফালাফি? পাকিস্তান এর প্রধানমন্ত্রীকে দাওয়াত দিলেও কি আপনারা বিরোধিতা করতেন? আসল কথা ভারত নামক দেশটি যেটি স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশকে সীমাহীন সহায়তা করেছে এই নামটিই আপনারা সহ্য করতে পারেন না, কৃতজ্ঞতা স্বীকার করতে শিখুন!’