০৭ ডিসেম্বর ২০২০, ০০:৫০

কোভিড-১৯: একইদিনে মারা গেলেন মাউশির সাবেক ডিজি ও তার স্ত্রী

  © সংগৃহীত

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই মারা গেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক মো. নাজিম উদ্দিন এবং তার স্ত্রী জুলেখা খাতুন। তিনি ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।
 
আজ রবিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলেখা খাতুন মারা যান। এরপর বিকেলে মৃত্যু হয় অধ্যাপক নাজিম উদ্দিনের।
 
শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা জানান, জুলেখা খাতুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান তিনি। তখন থেকেই নাজিম উদ্দিন লাইফ সাপোর্টে ছিলেন।
 
লাইফ সাপোর্ট থাকা অবস্থায় বিকেল ৫টার দিকে নাজিম উদ্দিনও মারা যান। ২০০৭ সালে মাউশির মহাপরিচালক ছিলেন নাজিম উদ্দিন।
 
তারা দু’জনই অবসর জীবন-যাবন করছিলেন বলে জানা যায়। এ দুই শিক্ষাবিদের  মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষাবিদদের মধ্যে।  

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সভাপতি ও সরকারি কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার তাদের মৃত্যুর তথ্য দিয়ে দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।