০৯ নভেম্বর ২০২০, ০৮:৫৪

মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন

ডেমোক্র্যাট দলের জো বাইডেন  © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হলেন ডেমোক্র্যাট দলের জো বাইডেন। আগামী জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন। তবে ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুসৃত বেশকিছু নীতি বদলে দেয়ার পরিকল্পনা নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যেসব মুসলিম প্রধান দেশের উপর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেগুলো খুব দ্রুত তিনি বাতিল করবেন। নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া এবং মিয়ানমার।

এতে আরও বলা হয়, আফ্রিকার দেশ সুদানও এই তালিকায় ছিল। তবে পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন আরব জোটে যোগ দিয়ে ইয়েমেনে বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার কারণে সুদানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় ট্রাম্প প্রশাসন।

এছাড়া, যে সব কিশোর-তরুণ অবৈধভাবে তাদের স্বপ্ন পূরণের জন্য আমেরিকায় প্রবেশ করেছে তাদেরকে সে দেশে থাকার অনুমতি দেবেন বলে জানিয়েছেন বাইডেন। তিনি এ সংক্রান্ত আইন পুনর্বহাল করতে চাচ্ছেন।

এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু চুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আরও বেশ কয়েকটা সংস্থা থেকে দেশটিকে বের করে নিয়ে এসেছে তা আবারও পুনর্বহাল করতে চান জো বাইডেন।