কাল থেকে আবারও লকডাউনে যাচ্ছে ইতালি
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও লকডাউনে যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। দিন দিন করোনার প্রাদুর্ভাব বাড়ার কারণে দেশটিতে বুধবার রাতে লকডাউনের অধ্যাদেশ জারি করেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি।
আগামী ১৫ দনের জন্য লম্বারদিয়া, পিউমন্তে, আলতো আদিজে, ভালে দি আওস্তা এবং কালাব্রেইয়া রাজ্যে লকডাউন কার্যকর হবে। এছাড়া পুরো ইতালিতে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউয়ের আওতাধীন থাকবে। নতুন এ অধ্যাদেশ তিন ভাগে বিভক্ত করা হয়েছে- কমলা, হলুদ এবং সবুজ এলাকা। তবে লাল চিহ্নিত অঞ্চলে সম্পূর্ণ লকডাউন থাকবে।
লাল ব্যতীত অন্যসব চিহ্নিত এলাকা থেকে অন্য এলাকায় প্রবেশ করতে পারবেন সাধারণ জনগণ। তবে লাল চিহ্নিত অঞ্চল থেকে যেতে চাইলে অটো সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে; পাশাপাশি নির্দিষ্ট কারণ দেখাতে হবে।
একই সঙ্গে লাল অঞ্চল থেকে কেউ কমলা, হলুদ ও সবুজ জোনে আসতে পারবে না অতি প্রয়োজন সুনির্দিষ্ট কারণ ছাড়া। লাল অঞ্চলে ফার্মেসি, সেলুন, খাবারের দোকান, ইন্ডাস্ট্রি, ফ্যক্টরি ছাড়া বার, রেস্টুরেন্টসহ সবকিছু বন্ধ থাকবে।
মধ্যম শ্রেণি পর্যন্ত স্কুল খোলা থাকবে, বাকি সব ক্লাসের শিক্ষার্থীরা বাসায় অনলাইন ক্লাস করবে। সবুজ অঞ্চলে বর্তমানে ইতালিতে যে নিয়ম রয়েছে সেভাবেই চলতে থাকবে।
উল্লেখ্য, ইতালিতে চলতি মাসে দৈনিক গড়ে ত্রিশ হাজারের মতো আক্রান্ত হচ্ছে; ফলে সরকার এ অধ্যাদেশ জারি করেন জনগণের জীবনের সুরক্ষার জন্য। ইতোমধ্যে কর্মচ্যুত শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া শুরু হয়েছে।