নতুন গুজব: টিউবওয়েলের পানি পানে সারবে ক্যান্সার-গোপন রোগ!
স্বয়ংক্রিয় টিউবওয়েলের পানি পান করলে দুরারোগ্য রোগ থেকে শুরু করে এমনকি ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যাবে এমনটা বিশ্বাস করে গ্রামের শত শত লোক ভিড় জমাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হওয়া সেই টিউবওয়েলের কাছে। এমনই এক ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আনারুল নামের এক ব্যক্তির বাড়িতে।
জানা গেছে, ওই গ্রামের আনোরুল ফকিরের বাড়ির টিউবওয়েল থেকে হঠাৎ পানি উঠতে থাকলে এলাকার লোকজন এটিতে 'আল্লাহর নেয়ামত' মনে করে এবং এর পানি পান করলে রোগমুক্তি হবে ভেবে পানি নেওয়া শুরু করেন। এতে কিছু লোক এই পানিকে রোগ মুক্তির প্রচারণা চালালে আশেপাশের এলাকা থেকে মানুষজন এতে ভিড় জমায়। ক্যান্সারসহ দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে অনেকেই গোপন রোগ ভালো করার নিয়তেও আসে এখানে।
গতকাল শুক্রবার বিকেলে দেখা গেছে, গ্রামের ওই বাড়িতে বিভিন্ন পেশার মানষের ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন নিয়তে পানি পান করা লোকও কম ছিল না। পানি নিতে আসা কুষ্টিয়ার দৌলতপুরের গরুড়া গ্রামের মহিদুল জানান, তার এবং তার ছোট ভাইয়ের গোপন রোগ মুক্তির জন্য পানি নিতে এসেছেন।
এমন ঘটনা একটি চক্র ওই টিউবওয়েলটিকে ঘিরে ব্যবসার ফন্দি করছে। আবার অনেকে এটিকে অলৌকিক বলে দাবি করে মানুষকে উৎসাহিত করছে। কেউ কেউ নতুন করে রাস্তা তৈরির কাজে ব্যস্ত। তাদের দাবি, পানি পান করলে রোগ ভালো হবে। পানির অপর নাম জীবন। অনেকের রোগ ভালো হয়েছে বলে দাবি করলেও কোনো লোককে দেখাতে পারেনি তারা।
গ্রামের মসজিদের ইমাম রমজান আলী জানান, এসব কুসংস্কার। রোগব্যধি থেকে মুক্তি লাভের জন্য জন্য মানুষ ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন। পানি পান করলে কোনো রোগ ভালো হয় কিনা সেটি তার অজানা। ঝাড়ফুক দিয়ে মনের দ্বিধা দূর করানো যায় কিন্তু দেহের রোগ নয়।
এ ঘটনায় গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, টিউবওয়েল থাকা ওই স্থানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নজরদারীতে রাখা হয়েছে। পুলিশ ক্যাম্পে জানানো হয়েছে ও সতর্ক করা হয়েছে।