০২ সেপ্টেম্বর ২০২০, ১৫:২১

‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়ার’ মূল পর্বে চট্টগ্রামের মেয়ে প্রমি

  © সংগৃহীত

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়া’ ও ‘মিস ইন্টারকন্টিনেন্টাল অস্ট্রেলিয়া’র চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেয়ে প্রমি। পুরো নাম তার শাবাব মেহজাবীন প্রমি। চূড়ান্ত এই পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগী যাবে ‘মিস গ্লোবাল’-এর মূল প্রতিযোগিতায়।

জানা গেছে, মিস গ্লোবাল অস্ট্রেলিয়ায় প্রমিসহ ৪১ জন প্রতিযোগী মূল পর্বের জন্য লড়বে। চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগী যাবে মিস গ্লোবালের মূল আয়োজনে। প্রতি বছর সারা বিশ্বের ৭০ জনেরও বেশি প্রতিযোগী ‘মিস গ্লোবাল’ খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানে গত চার বছর ধরেই শীর্ষ ১০-এ স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়া থেকে যাওয়া প্রতিযোগীরা।

প্রসঙ্গত, এর আগে প্রমি ২০১৯ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অস্ট্রেলিয়া পর্যায়ের চূড়ান্ত পর্বেও অংশ নেন। সে অস্ট্রেলিয়া প্রবাসী ডা. আব্দুল্লাহ আল হারুনের ছোট মেয়ে। তবে দেশে রয়েছে তাদের নিয়মিত আসা-যাওয়া।