মেসি বার্সায় থাকতে চাইলে পদত্যাগ করতেও রাজি বার্তোমিউ
লিওনেল মেসি বার্সেলোনা ক্লাব ছেড়ে যাওয়ায় অনেকে অনেক কারণ দাঁড় করাচ্ছেন। নানাভাবে দোষারোপ করছে ক্লাবটির বর্তমান কর্মকর্তাদের। আর এতে অভিযোগের তীর সবচেয়ে বেশি ছোঁড়া হচ্ছে সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের দিকে। তার পদত্যাগ দাবি করে ন্যু ক্যাম্পের বাইরে বিক্ষোভও করছেন ভক্ত-সমর্থকরা। ‘যেও না মেসি’, ‘বিদায় হও বার্তোমেউ’- বার্সা ভক্তদের এ দাবি ভক্ত-সমর্থকদের।
এদিকে লিওনেল মেসি বার্সেলোনায় থাকতে চাইলে প্রয়োজনে ক্লাব সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন হোসে মারিয়া বার্তোমিউ। গতকাল নিজেই ঘোষণা দিয়েছেন বার্তোমেউ। তবে শর্ত হল, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে প্রকাশ্যে এ ঘোষণা দিতে হবে যে, তিনি বার্সায়ই থাকবেন। তাহলে ক্লাবের প্রেসিডেন্টের পদে ইস্তফা দেবেন বার্তোমেউ।
তার এমন ঘোষণায় এবার সব চাপ চলে গেল মেসির কাঁধে। এবার দেখার অপেক্ষা তিনি কি ঘোষণা দেন।
এর আগে গেল মঙ্গলবার ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার ঘোষণা দেন আর্জেন্টাইন মহাতারকা। তার এমন ঘোষণায় ফুঁসে ওঠে বার্সেলোনা সমর্থকরা। ক্লাবের সামনে বিক্ষোভে ফেটে পড়ে তারা। বার্তোমিউর পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা।
বিভিন্ন গণমাধ্যমে এসেছে, বর্তমান কমিটির নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তবে মেসির সাবেক ম্যানেজার জানিয়েছেন, বার্তোমিউয়ের পদত্যাগের সঙ্গে মেসির ক্লাব বদলের কোন সম্পর্ক নেই।
এরইমধ্যে স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, শীঘ্রই ক্লাব ছাড়ার বিষয়ে মুখ খুলবেন মেসিও। সেখানেই জানাবেন কেন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। এরমধ্যে মেসির সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চেয়েও পারেননি ক্লাব সভাপতি বার্তোমিউ। তাই এবার এমন ঘোষণা দিয়েছেন তিনি।