বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন
‘স্যাভলন’ এবং ‘আগ্রহ’ এনজিওয়ের উদ্যোগে ঢাকার ধামরাই ও সাভার উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত, বিপর্যস্তদের স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহব্যাপী চলা ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ হয়েছে। কার্যক্রমটি গত ১০ আগস্ট শুরু হয়ে ২৩ আগস্ট শেষ হয়।
সংশ্লিষ্টরা জানান, মোবাইল হাসপাতালের মাধ্যমে ক্যাম্পটিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক বক্তব্য এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্প চলাকালীন বন্যা দুর্গতদের মাঝে ফ্রি ঔষধ এবং সাবান প্রদান করা হয়।
জনসেবামূলক এই কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মীর ফাহিম ফয়সাল এবং ডাঃ শেখ সায়েদুল মুস্তাকিম আকাশ। তারা বলেন, ‘প্রতিদিন আমাদের সম্পূর্ণ টিম নৌকা নিয়ে নদীপাড়ের তিনটি করে গ্রামে ক্যাম্প করেছি।’
দেড় মাসের বেশি হয়ে গেলেও এসব এলাকায় এখনো বন্যার পানি নামেনি। এমন উদ্যোগে খুশি এলাকার ভুক্তভোগীরা চান সারা বছরব্যাপী এই সেবা চলমান থাকুক। বন্যাদুর্গতদের সহায়তা এবং চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয় ‘স্যাভলন’ এবং ‘আগ্রহ’ এনজিও’র মোবাইল হাসপাতাল।