করোনার মধ্যেই হবে আইপিএল, তারিখ ঘোষণা
ভারতে নয়, সংযুক্ত আরব আমিরাতে হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল ১৩তম সংস্করণ। ফাইনাল হবে ৮ নভেম্বর।
আজ শুক্রবার এমন তথ্যই জানিয়েছেন আইপিএল’র চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। আজ আইএএনএস’কে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি। প্যাটেল বলেন, ‘আমরা আলোচনা করেছি, ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত লিগ আয়োজিত হবে। ফ্র্যাঞ্চাইজিদেরও জানানো হয়েছে।’
সূত্রের খবর, ২০ অগস্টের মধ্যে দলগুলিকে ক্রিকেটারসহ মরুশহরে চলে যেতে হতে পারে। ফ্র্যাঞ্চাইজিরা ছাড়াও বিসিসিআই-এর প্রতিনিধি দলও দুবাই উড়ে যাবে। দুবাই ছাড়াও আবু ধাবি, শারজাতেও প্রস্তুতি দেখে সূচি নির্ধারণ করা হবে। ইউএই এয়ারলাইন্স পরিষেবা শুরু না করলে চার্টার্ড প্লেন নেওয়ার কথাও জানিয়েছেন প্যাটেল।
জানা গেছে, তিনটি বিষয় নিয়ে আলোচনায় বসে আইপিএল-এর গভর্নিং কাউন্সিল। বৈঠকের পরই ইউএই-কে নিশ্চিত করা হয়। সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, মোট ৬০টি ম্যাচ খেলবে দলগুলো। প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম এবং শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলোর আয়োজন করা হবে।
লকডাউনে বেশির ভাগ ক্রিকেটারই বাড়িতে বন্দি। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যোগাযোগ নেই। তাই কমপক্ষে তিন থেকে চার সপ্তাহের শিবির দরকার পড়বে সকলের। প্যাটেল জানিয়েছেন, দুবাইয়ে আইসিসি’র অ্যাকাডেমিতে প্র্যাক্টিস করতে পারবেন ক্রিকেটাররা। প্রসঙ্গত, আরব আমিরাতে পৌঁছে আগে ১৪ দিনের কোয়ারেন্টিন নিয়ম মানতে হবে ক্রিকেটারদের।
তবে ম্যাচ শুরুর সময় নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে রাতের ম্যাচ সাড়ে ৬টায় শুরুর দাবি জানানো হয়েছে বলে খবর। কারণ ভারতের থেকে দেড় ঘণ্টা পিছিয়ে দুবাই। সাধারণত রাতের আইপিএল ম্যাচগুলি ৮টায় শুরু হয়।
সম্প্রতি আইসিসির বৈঠকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো দুটি মেগা ইভেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সুযোগেই উজ্জ্বল হয়েছে আইপিএল আয়োজনের সম্ভাবনা।
সেপ্টেম্বরে এশিয়া কাপ এবং অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। তবে করোনা আতঙ্কের জেরে দুটো টুর্নামেন্টই পিছিয়ে গিয়েছে। এর ফলেই পরিবর্তিত পরিবেশে সংযুক্ত আমিরাতে এই বছরের আইপিএল আয়োজিত হচ্ছে। খবর: এইসময়।