মেয়র তাপসের সৌজন্যে ইফতার বিতরণ করলেন কাউন্সিলর আসাদ
করোনা পরিস্থিতির কারণে বিপাকে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ। আজ শুক্রবার (১৫ মে) ওয়ার্ডের নালির পাড় এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের মেয়র শেখ ফজলে নুর তাপসের সৌজন্যে প্রায় পাঁচ শতাধিক লোকের মাঝে এই ইফতার বিতরণের কার্যক্রম চালান তিনি।
কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ জানান, দেশের এই দুঃসময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের মেয়র শেখ ফজলে নুর তাপসের পক্ষ থেকে ইফতারির এ ব্যবস্থা করা হয়। আমরা শুরু থেকে জনগণের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করছি। নানাভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আমি এখনও আনুষ্ঠানিক দায়িত্ব পাইনি, তবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি। করোনায় মানুষকে সচেতন করতে কাজ করছি। জীবাণু ধ্বংস করতে বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করছি। দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় তার সাথে ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রুবেল উপস্থিত ছিলেন।
দেশে করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হওয়ার পর থেকেই সচেতনতায় কাজ করছেন এই কাউন্সিলর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেই ছিন্নমূল দরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছেন খাবার।
কখনো চাল, ডাল, তেল, আলু আবার কখনো রান্না করা খাবার নিয়ে মানুষের কাছে ছুটে গেছেন তিনি। সময় গড়ানোর সাথে সাথে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জোরেশোরে কাজে নেমেছেন তিনি।