উগান্ডার সংসদ সদস্যদের বাজেট ২৬ লাখ ডলার, ক্ষুব্ধ প্রেসিডেন্ট
উগান্ডার সংসদ সদস্যরা নিজেদের জন্য প্রায় ২৬ লাখ ডলারের বাজেট ঘোষণা করেছে। এতে দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসেভেনি সংসদ সদস্যদের ওপর ক্ষুব্ধ হয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা নিজেদের জন্য মোট ১০ বিলিয়ন উগান্ডার মুদ্রা বরাদ্দ করেছে। বলা হচ্ছে এটা তারা করোনাভাইরাসের জন্য সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগাবেন।
প্রেসিডেন্ট বলেন, এমপিরা নিজেদের জন্য বাজেট করবে এটা নৈতিকভাবেই ঠিক না। তিনি জেলা কমিটিগুলোতে টাকা দেয়ার কথা বলেন।
প্রেসিডেন্ট মুসেভেনি একটি তদন্তের আহবান করেছেন যেখানে খতিয়ে দেখা হবে, এমপিরা নিজ নিজ এলাকায় ত্রাণের জন্য ব্যয় করেছেন কি না। উগান্ডায় এখন পর্যন্ত ৭৯ জন করোনাভাইরাস রোগী ধরা পড়েছে। ৫ মে পর্যন্ত দেশটিতে চলবে লকডাউন।
সারা বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ত্রিশ লাখের কাছাকাছি পৌঁছেছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ৫৮ হাজার মানুষ মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। আর বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে।