করোনা আতঙ্কে সব পর্যটন ভিসা স্থগিত করল ভারত
করোনাভাইরাস প্রকোপ ছড়িয়ে যাওয়ায় এবার সব ধরনের পর্যটন ভিসা স্থগিত করেছে ভারত। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। প্রাণঘাতী এ করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বব্যাপী দ্রুত মহামারি রূপ ধারণ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধণের সভাপতিত্বে এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে জানায়, জাতিসংঘ, কূটনৈতিক, আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন প্রজেক্ট ভিসা বাদে বিদ্যমান সব ধরনের ভিসাই আপাতত স্থগিত থাকবে।
এদিকে, করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ায় এর প্রাদুর্ভাবকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এরই মধ্যে সংবাদ সম্মেলন করে ঘোষণাটি দিয়েছেন।
তিনি বলেন, গত দুই সপ্তাহে প্রাণঘাতী ভাইরাসটি চীনের বাইরে বিশ্বব্যাপী ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। মূলত এরপরই ভারত সরকার নিজেদের পর্যটন ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিল।
এছাড়া ভারতে এখন পর্যন্ত ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন ইতালি থেকে ভারতে এসেছেন।
নিজেদের পর্যটন ভিসা স্থগিত করার পূর্বে করোনাভাইরাসে সর্বাধিক ক্ষতিগ্রস্ত চীন, ইতালি, ইরান, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছিল নয়াদিল্লি। পরে তালিকাটিতে নতুন করে যুক্ত হয় ফ্রান্স, স্পেন এবং জার্মানির নামও।